📢 Ad
🚩 Report Video
ক্লাব থেকে উদ্ধার জরুরি নথির পাহাড়, ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়
Howrah, West Bengal, India, West Bengal
173 views •
May 30, 2026
ক্লাবঘরে মিলল আধার-ভোটার-জব কার্ড, বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। তৃণমূল সদস্যের বাড়ি ঘেরাও, পুলিশের সামনেই হাতাহাতি। উত
ক্লাবঘরে মিলল আধার-ভোটার-জব কার্ড, বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। তৃণমূল সদস্যের বাড়ি ঘেরাও, পুলিশের সামনেই হাতাহাতি। উত্তপ্ত হাওড়া বাগনান।
হাওড়ার বাগনান থানার অন্তর্গত বরুন্দা এলাকায় তৃণমূল পরিচালিত শরৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য মানস নায়েকের বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সরকারি নথি নিজেদের হেফাজতে রেখে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ক্লাবঘর থেকে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত সদস্য মানস নায়েক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের নথিপত্র সংগ্রহ করে নিজের নিয়ন্ত্রণে রাখতেন।
এই অভিযোগের ভিত্তিতে এদিন শতাধিক গ্রামবাসী মানস নায়েকের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যদের বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নথিগুলি কীভাবে ক্লাবঘরে এল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments (0)
Please login to leave a comment.